আগামী দিনের স্থাপনা!

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ১৬:৩৬
সময়ের সাথে সাথে মানুষ আর সভ্যতার চাপে যখন ক্রমেই চাপ বাড়ছে কৃষিজমি আর পরিবেশের উপর তখন আগামী দিনের পরিবেশবান্ধব স্থাপনার রূপই বা কেমন হতে পারে? গেল কয়েক যুগ ধরেই স্থাপত্য আর পরিবেশ নিয়ে কাজ করা ব্যক্তিদের কাছে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিরই একটি উত্তর এবার নিজেদের কাজের মাধ্যমে দিয়েছেন ফ্রান্সের খ্যাতনামা স্থাপত্য প্রতিষ্ঠান ভিনসেন্ট ক্যালেব্য আর্কিটেক্টসের শীর্ষস্থানীয় স্থপতিরা। সম্প্রতি তাদের উদ্যোগে চীনের শেনঝেন শহরে নির্মাণের জন্য যে বহুতল ভবনগুলোর নকশা উন্মুক্ত করা হয়েছে সেগুলোকে পরিবেশবান্ধব স্থাপনার এক অনন্য মাইলফলক হিসেবেই বিবেচনা করা হচ্ছে। কেননা এই ভবনগুলো একদিকে যেমন সবুজের সমারোহে গড়ে উঠবে তেমনি পানি ও শক্তির অন্যান্য উত্স ব্যবহারেও হবে অনন্য। আর এসব কারণেই বহুতল এই ভবনগুলোকে ‘স্কাইস্ক্র্যাপার’ না বলে ডাকা হচ্ছে ‘ফার্মস্ক্র্যাপার নামে। প্রাথমিক অবস্থায় ভিনসেন্টের ডিজাইন করা ছয়টি ফার্মস্ক্র্যাপারের প্রতিটিতেই থাকবে একটি করে কেন্দ্রীয় টাওয়ার ব্লক। আর এই টাওয়ার ব্লকের চারদিকে বর্ধিতাংশেই তৈরি করা হবে কৃষিকাজ ও বাগান তৈরির সুযোগ। ৩৯৬ মিটার উঁচু এবং ১১১ তলা প্রতিটি ভবনে আবাসিক এলাকা, অফিস আর অবসর কাটানোর জায়গা ছাড়াও সমন্বিত অবস্থায় থাকবে বড় বড় উইন্ড টারবাইন ও সোলার প্যানেল যার মাধ্যমে ভবনের বাসিন্দাদের প্রয়োজনীয় বিদ্যুত্ শক্তির অনেকটাই যোগান দেওয়া সম্ভব হবে। অন্যদিকে লম্বালম্বিভাবে বেড়ে ওঠা কৃষিজমি বা বাগানের মাধ্যমে যে পানি ব্যবহূত হবে বা অপচয় হবে সেটিকে পুনরায় ব্যবহারউপযোগী করে তোলার সুবিধাও থাকবে এই ফার্মস্ক্র্যাপারগুলোতে। সবমিলিয়ে শুধুমাত্র শক্তির উত্স বা পানির অপচয় কমানোই নয়, বরং একই সাথে কার্বণ নিঃসরণও উল্লেখযোগ্য হারে কমাতে সক্ষম হবে ভিনসেন্ট ক্যালেব্যঁ আর্কিটেক্টসের ডিজাইন করা এই ভবনগুলো।