অর্থের অভাবে কাজীপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের বাঐখোলায় নির্মাণাধীন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ মাঝপথে বন্ধ হয়ে গেছে। নিজেদের ভিটেমাটি রক্ষার জন্য বর্ষা মৌসুমের পূর্বেই বাঁধ নির্মাণের কাজ শেষ করার জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন। সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, বাঁধের নির্মাণ কাজ প্রায় অর্ধেক শেষ হয়েছে। এলাকাবাসী জানান, পাঁচ বছর আগে উপজেলার গান্ধাইল ইউনিয়নের পাটাগ্রাম এলাকায় যমুনা নদীর মূল শাখা থেকে বিচ্ছিন্ন হয়ে একটি ছোট শাখা নদী গান্ধাইলের বাঐখোলা গ্রামের কোল ঘেঁষে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি,বাহুকা এবং কাজীপুর উপজেলার শুভগাছা গ্রামসহ বেশ কয়েকটি গ্রামের পাশ দিয়ে প্রবাহের ফলে গ্রামগুলো নদীভাঙ্গনের কবলে পড়ে। এরই ফলে শুভগাছা গ্রামের উজান থেকে বাঐখোলা গ্রামের পূর্বপাশে একটি বিশাল চর জেগে উঠে এবং সেখানে বসতি গড়ে উঠে। স্থানীয় লোকজনের দাবীর প্রেক্ষিতে গত ১৮ জানুয়ারি সংসদ সদস্য তানভীর শাকিল জয় নিজ উদ্যোগে প্রায় ১ কিলোমিটার বাঁধটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাঁধ নির্মাণের দায়িত্বে নিয়োজিত সাইদুল ইসলাম ও ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, অর্থের অভাবে বাঁধটির নির্মাণ কাজ থেমে আছে। এ বিষয়ে সংসদ সদস্য তানভীর শাকিল জয় জানান, এলাকাবাসীর কথা ভেবে কাজটি নিজের উদ্যোগে শুরু করেছি এবং আশা করছি বর্ষা মৌসুমের পূর্বেই কাজটি শেষ করা সম্ভব হবে ।
