রামুতে সন্ত্রাসী হামলায় একই পরিবারের চারজন আহত

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২০:৩২
একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ করে যুবদল নেতার হামলায় কলেজছাত্রী, সংবাদকর্মীসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। এতে আগামী ১ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে কলেজছাত্রী সামিয়া আফরিনের। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে । বর্তমানে সামিয়া, তার মা শামসুন্নাহার (৪৫), বড় ভাই সাংবাদিক হাসান তারেক মুকিম, ছোট ভাই ইমতিয়াজ ইমন (১৪) কক্সবাজার সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। এদের মধ্যে কলেজছাত্রী সামিয়ার অবস্থা আশংকাজনক। ধারালো দায়ের আঘাতের কারণে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ৩৩টি সেলাই করতে হয়েছে। হামলার ঘটনায় অভিযুক্ত রামু উপজেলা যুবদল আহবায়ক ফোরকান আহমদ ও তার বোন মরিয়ম বেগমকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় হাসান তারেক মুকিম বাদী হয়ে ফোরকান আহমদসহ ৬জনকে অভিযুক্ত করে রামু থানায় মামলা দায়ের করেছে। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, ঘটনাটি খুবই অমানবিক হয়েছে। ঘটনাস্থল থেকেই ফোরকান আহমদ ও তার বোন মরিয়ম বেগমকে আটক করা হয়েছে। অন্যদের ধরার চেষ্টা চলছে।