সরাইলে দু’দলের সংঘর্ষে আহত ৪০ গ্রেফতার ১৫

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২০:৩৩
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ করে গত বৃহস্পতিবার বিকেলে সৈয়দটুলা ও দক্ষিণ আরিফাইল গ্রামের লোকদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ আহত ৪০ জন। ১৫ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সৈয়দটুলা গ্রামের আঃ হাসিমের ছেলে মোবারক ও দক্ষিণ আরিফাইল গ্রামের জারু মিয়ার ছেলে জীবন মিয়ার মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দুই গ্রামের লোকেরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায়ে দাঙ্গাবাজরা পুলিশের ওপর হামলা করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ৪১ রাউন্ড রাবার বুলেট ও ১০ রাউন্ড টিয়ারসেল ছোঁড়ে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।