এনজিও ঋণের কিস্তি পরিশোধকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে পাষণ্ড স্বামীর হাতে খুন হয়েছে ৩ সন্তানের জননী রোকেয়া খাতুন (৩০)। এ নৃশংস হত্যা কাণ্ডটি ঘটেছে চলনবিলের নিভৃত পল্লী তাড়াশ উপজেলার দক্ষিণ সীমান্ত সংলগ্ন বৃরায়নগর গ্রামে। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক স্বামী আব্দুল কুদ্দুস (৪০) স্ত্রীর নাম দিয়ে ৪টি এনজিও থেকে প্রায় ১লাখ টাকা ঋণ গ্রহণ করে। উক্ত ঋণের টাকায় কোন ব্যবসা বাণিজ্য না করে অবৈধ পথে খরচ করে ফেলে। ঋণের কিস্তির টাকা পরিশোধ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও মারপিটের ঘটনা ঘটতো। আজ শনিবার ব্র্যাক ঋণের কিস্তি পরিশোধের দিন ছিল। গত বৃহস্পতিবার রাতে আব্দুল কুদ্দুস স্ত্রীকে হত্যা করে আব্দুলের পুকুরে ফেলে রাখে। গতকাল শুক্রবার চাটমোহর থানা পুলিশ লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করেছে এবং ঘাতক স্বামী আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করেছে।
