খাগড়াছড়ি জেলা শ্রমিক লীগের নেতাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে পানছড়ির ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা সদরের আনন্দনগর এলাকার হিমাংশু ধরের ছেলে মনতোষ ধর পানছড়ি উপজেলার যৌথ খামার এলাকার বাগানবাড়িতে তারই শ্রমিক শ্যামল ত্রিপুরাকে দা দিয়ে কুপিয়ে আহত করে। ঘটনাটি জানাজানি হলে পুলিশ ও স্থানীয় জনতা মদ্যপ অবস্থায় তাকে আটক করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুফিদুল আলম মোবাইল কোর্ট বসিয়ে গতকাল বুধবার সকালে তাকে বিনাশ্রমে দুই বছরের কারাদণ্ড দেন। আহত শ্যামল ত্রিপুরা জানান, পাওনা টাকা চাওয়াতেই উত্তেজিত হয়ে মনতোষ দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আমাকে আহত করে। এদিকে মনতোষ ধরকে ছেড়ে দেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে দাবি জানিয়েছেন ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা। শ্যামল ত্রিপুরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন আছে।
