নড়াইলের পল্লীতে গণপিটুনিতে হাসিকুল শেখ (৩৮) নামে এক ডাকাত নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাত ৩টার দিকে জেলার নড়াগাতি থানার হরিষপুর গ্রামে। নিহত হাসিকুল শেখ জেলার কালিয়া উপজেলার সীতারামপুর গ্রামের মৃত আমজাদ শেখের ছেলে। নড়াগাতি থানার ওসি আমীর তৈমুর ইলি জানান, ৬/৭ জনের একদল মুখোশধারী ডাকাত হরিষপুর গ্রামের উত্তম রায়ের বাড়িতে ঢুকে পড়ে। ডাকাতরা অস্ত্রের মুখে উত্তম রায়ের স্ত্রী ডলি রায়ের কানের দুল ছিনিয়ে নেয় এবং তার শ্ল¬ীলতাহানির চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজনের আর্তচিত্কারে গ্রামবাসী এসে ডাকাত দলকে ধাওয়া করে। এসময় ডাকাত দলের সদস্য হাসিকুল শেখ পাশের একটি সুপারি বাগানের মধ্যদিয়ে পালানোর সময় সুপারি গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যায় এবং এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই হাসিকুলের মৃত্যু হয়।
