দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে। তবে তিনি এখনো নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন। ফুসফুসে জটিলতা নিয়ে ৯৪ বছর বয়সী এই নেতা বৃহস্পতিবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন। তবে তিনি কোন্ হাসপাতালে ভর্তি হয়েছেন তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
এর আগে ডিসেম্বরে ফুসফুসে সংক্রমণ নিয়ে প্রায় তিন সপ্তাহ হাসপাতালে ছিলেন শান্তিতে নোবেলজয়ী ম্যান্ডেলা। সে সময় তার অস্ত্রোপচারও হয়। আর এ মাসের শুরুতেও একবার ডাক্তারি পরীক্ষা করতে কয়েকদিনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিলো ম্যান্ডেলাকে।
এদিকে ম্যান্ডেলার শারীরিক অবস্থার উন্নতির জন্য দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা সারাবিশ্বের মানুষকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। ম্যান্ডেলার চিকিত্সায় নিয়োজিত চিকিত্সকদলের ওপর পূর্ণ আস্থা রয়েছে জানিয়ে প্রেসিডেন্ট জুমা বিবৃতিতে বলেছেন, তাদের নেতাকে সুস্থ করে তোলার জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন ম্যান্ডেলা।
