সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দিতে অস্বীকৃতি ফ্রান্সের

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২০:৪৪
সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দিতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স। মাত্র দুই সপ্তাহের মধ্যে সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দেয়ার ব্যাপারে ফ্রান্স তার অবস্থান পরিবর্তন করলো। গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের মন্তব্যের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয়েছে। ফ্রান্স টু টেলিভিশনে দেয়া এক সাক্ষাত্কারে ওঁলাদ বলেন, তার দেশ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাকে ঊর্ধ্বে তুলে ধরবে। ফ্রান্সকে নিশ্চিত হতে হবে যে, অস্ত্রগুলো সন্ত্রাসীদের হাতে যাবে না। তিনি আরো বলেন, ‘এই মুহূর্তে, আমাদের এই নিশ্চয়তা নেই।’ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীরা যাতে বাইরে থেকে অস্ত্র পেতে পারে এজন্য ফ্রান্স ও ব্রিটেন সিরিয়ার উপর চলমান অস্ত্র নিষেধাজ্ঞার শিথিল করার ব্যাপারে চাপ দিচ্ছে। এই নিষেধাজ্ঞার মেয়াদ এ বছর পহেলা জুন পর্যন্ত এবং উভয় দেশই বলেছে, তারা এই নিষেধাজ্ঞা শিথিল করার পক্ষে। এরকম অবস্থায় বৃহস্পতিবার ওঁলাদ বলেন, বিদ্রোহীদের অস্ত্র দেয়ার আগে এটা নিশ্চিত হওয়া দরকার এগুলো চরমপন্থি যোদ্ধাদের হাতে যাবে না। তিনি আরো বলেন, পরিস্থিতি পুরোপুরি বিরোধীদের নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমরা এটা করতে পারি না।