রোবট মালি
বাড়ির বাগান আগাছায় ভরে গেছে? চিন্তা নেই, এবার রোবোটই সেই কাজ করে দেবে। ফ্রেন্ডলি রোবোটিক্স নামের এক ইসরাইলী সংস্থা এই যন্ত্র তৈরি করেছে। পরিশ্রম করতে ভয় পায় না এই রোবোট। তিন হাজার বর্গমিটার পর্যন্ত এলাকায় ঘাস কেটে সমান করার ক্ষমতা রাখে মানুষের এই বাহন। দায়িত্বজ্ঞানও কম নয়। শুধু বলে দিন, কবে কখন ঘাস কাটতে হবে। শুধু তাই নয়, কাজ শেষ হলে নিজের ব্যাটারি নিজেই চার্জ করে নেবে। অতএব মালিকের কোনো চিন্তা নেই। যদিও এখনো বাজারে আসেনি এই যন্ত্রটি। তবে জার্মানিতে এর দাম স্থির করা হয়েছে প্রায় ২,৮০০ ইউরো। -ডয়েচে ভেলে
বসন্তেও কনকনে শীত
জার্মানিতে এখনো প্রচণ্ড শীত। অবাক করা ব্যাপার, সেখানে যদিও এখন বসন্ত ঋতু। কিন্তু চলছে তুষার আর বরফের উত্পাত। কনকনে ঠাণ্ডা ঝড়ো হাওয়ার দাপট। জীবন অতীষ্ঠ! বিজ্ঞানীরা বলছেন, বিশ্বের উষ্ণায়নই নাকি নাটের গুরু। উত্তর মেরুর বরফ গলে অসময়ে ঠাণ্ডা বাড়িয়েছে ইউরোপে। কাজেই এশিয়ার দেশগুলোও যে নিরাপদ থাকবে তা বলা মুশকিল। প্রকৃতি বিরূপ হলে কেউই রক্ষা পাবে না। -এএফপি
পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিরোধ
ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের দিন ও নিরাপত্তা ব্যবস্থাপনাকে কেন্দ্র করে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন সরকারের বিরোধ আরও জটিল হয়ে উঠছে। কয় দফায় ভোট হবে আর নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মূলত বিরোধ বেধেছে রাজ্য নির্বাচন কমিশন আর সরকারের মধ্যে। নির্বাচন কমিশন চাইছে অন্তত তিন দফায় কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী দিয়ে ভোট করাতে আর রাজ্য সরকার বলছে ভোট হবে দু’দফায় রাজ্য সশস্ত্র পুলিশ দিয়ে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। -বিবিসি
ব্যাকটেরিয়া থেকে বিদ্যুত্
ব্যাকটেরিয়া সরাসরি নিজে থেকেই ইলেক্ট্রিক্যাল চার্জ উত্পন্ন করে নাকি অন্য কোনো মাধ্যম ব্যবহার করে এ প্রশ্নের কোনো পরিষ্কার উত্তর এতোদিন ছিলো না বিজ্ঞানীদের কাছে। অবশেষে ঐ ধাঁধার সমাধান করতে পেরেছেন মার্কিন ও ব্রিটিশ বিজ্ঞানীদের একটি দল। এখন শুধু অপেক্ষা বিজ্ঞানীদের আবিষ্কারটিকে বাণিজ্যিক পণ্যে রূপ দেয়ার। বিজ্ঞানীরা যে ব্যাকটেরিয়াটি নিয়ে গবেষণা চালিয়েছেন তার বৈজ্ঞানিক নাম ‘শিওয়ানেলা ওনেইডেনসিস’। ব্যাকটেরিয়াটির বিদ্যুত্ শক্তি উত্পাদনের রহস্য উদঘাটনের পর একে বিদ্যুত্ শক্তির উত্স হিসেবে ব্যবহার করা সম্ভব বলেই মনে করছেন বিজ্ঞানীরা। -বিবিসি
