তারাগঞ্জ উপজেলায় সিডি ব্যবসার অন্তরালে মাদকদ্রব্য বিক্রির অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পুত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তারাগঞ্জ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমানের পুত্র মনিরুজ্জামান ওরফে সোহাগ (৩০), সিডি ব্যবসায়ী মিজানুর রহমান (২৮) ও কুর্শা জদ্দিপাড়ার আইয়ুব আলীর পুত্র তানভীর (২৫)। এ ব্যাপারে তারাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, তারাগঞ্জ বাজার এলাকার সোনালী ব্যাংকের পাশে সিডি ব্যবসার অন্তরালে মিজানুর রহমান, মনিরুজ্জামান ওরফে সোহাগ ও তানভীর দীর্ঘদিন ধরে সেখানে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে আসছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে হেরোইন বিক্রি ও সেবনের সময় তাদের হাতেনাতে গ্রেফতার করে। এ সময় সেখান থেকে ১৮ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
