পুলিশকে মারধর মামলা

কসবা পৌর কাউন্সিলর নূরুল ইসলাম গ্রেফতার

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২১:১৭
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশকে মারধরের মামলায় কসবা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবাব সন্ধ্যায় তার নির্বাচনী এলাকার আড়াইবাড়ী কদমতলী থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে নুরুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। পুলিশ সূত্রে জানা গেছে, যুদ্ধাপরাধীর মামলায় দেলাওয়ার হোসেইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের হামলায় এস.আই মোরশেদ আলমসহ ৬জন পুলিশ আহত হয়। ওই দিনই কসবা থানার উপ-পরিদর্শক (এস.আই) মজিবুর রহমান বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮শ’ জনকে আসামি করে কসবা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় নুরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা কসবা থানার উপ-পরিদর্শক (এস.আই) সুমন কুমার আদিত্য বলেন; গ্রেফতার হওয়া কাউন্সিলর নুরুল ইসলাম জামায়াত-শিবিরের অর্থ জোগানদাতা। তিনি বলেন, নুরুল ইসলামের রিমান্ডের বিষয়ে আগামী ১ এপ্রিল শুনানি হওয়ার কথা।