পুলিশের গুলিতে যুবক নিহতের ঘটনায় কোন অভিযোগ হয়নি

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২১:১৭
রাজধানীর খিলক্ষেতে পুলিশের গোলাগুলিতে এরিষ্টটল আমিন জিকো নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় এখনো পুলিশের কাছে কোন অভিযোগ করা হয়নি। নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জিকো সন্ত্রাসী না হলেও মাদকাসক্ত ছিল। এ কারণে তাদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হবে না। নিকুঞ্জ-২ এলাকায় গত সোমবার বিকালে পুলিশের গুলিতে জিকো নিহত হন। তার বাবা ওষুধ ব্যবসায়ী মৃত লস্কর আমিন। তিনি বাংলাদেশ ড্রাগ ও কেমিস্ট সমিতির সভাপতি ছিলেন। এছাড়া তিনি সার্ক চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। জিকোর মা সংগীত শিল্পী মেহের নিগার খান গত ১০ জানুয়ারি মারা যান। জিকোর বড় বোন যুক্তরাষ্ট্র প্রবাসী। জিকোর লাশ গত মঙ্গলবার তার এক স্বজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে গ্রহণ করে ঢাকার দোহারের লস্করকান্দা গ্রামের লস্কর বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করে। ঐ স্বজন নাম প্রকাশ না করার শর্তে জানান, জিকোর নিকট আত্মীয় বাংলাদেশে নেই বলে কোনো সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না।