লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২২:০৫
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর গ্রামে খোরশেদ আলম (৩০) এক ব্যক্তিকে গত বৃহস্পতিবার রাতে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। খোরশেদ আলম উত্তর জয়পুর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি। তিনি ওই ইউনিয়নের দক্ষিণ মাগুরি গ্রামের মৃত আবদুর রহমান পাটওয়ারীর ছেলে। স্থানীয় একাধিক সূত্রের ভাষ্যমতে, খোরশেদ আলম বৃহস্পতিবার সদর উপজেলার বশিকপুর গ্রামের মুন্সি বাড়ি এলাকায় রতন নামে এক বন্ধুর বাড়িতে বেড়াতে যান। ওইদিন রাত ৯টার দিকে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা ওই বাড়ি ঘেরাও করে তাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে। পরে এলাকাবাসী চিত্কার দিলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। খবর পেয়ে দত্তপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা এসে ওই রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠান। গতকাল শুক্রবার বিকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে খোরশেদ আলমের মরদেহ বাড়িতে আনা হলে তার স্ত্রী মাহফুজা আক্তারের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন জানান এ ঘটনায় গতকাল বিকাল পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।