চট্টগ্রামে স্কুলছাত্রী আহতের ঘটনায় শিবির নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট : ২৯ মার্চ ২০১৩, ২২:০৫
হরতালে চট্টগ্রামে পিকেটারদের ককটেল বিস্ফোরণে স্কুলছাত্রী অন্তু বড়ুয়ার আহত হওয়ার ঘটনায় শিবির নেতা-কর্মীর বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার মামলাটি দায়ের করেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক জাফর ইকবাল। এতে শিবিরের মহানগর (উত্তর) শাখার সভাপতি মশরুর হোসাইনসহ ৭ জনের নাম উল্লেখ করে আরো ৩০-৪০ জনকে আসামী করা হয়েছে। বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলের টানা ৩৬ ঘন্টা হরতালের শেষদিন গত বৃহস্পতিবার সকালে নগরীর হেমসেন লেনের প্রবেশ মুখে হরতাল সমর্থকদের ছোঁড়া ককটেলে ডান চোখে গুরুতর আঘাত পান চট্টগ্রাম সিটি করপোরেশন অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী অন্তু বড়ুয়া। বর্তমানে সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।