অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিরোধীদলীয় নেত্রী জঙ্গি-হিংস্র, সন্ত্রাসী গোষ্ঠী জামায়াত-শিবিরের পৃষ্টপোষক, রক্ষাকর্তা ও আশ্রয়দাতা হিসেবে তাদের বাঁচাতে দেশে নৈরাজ্য চালাচ্ছেন। তিনি বলেন, বিরোধী দলীয় নেত্রী যা কিছু করছেন তা দেশের স্বার্থে নয়, এটা পুরোপুরি দেশের শত্রুতা করা হচ্ছে। মুহিত বলেন, হেফাজতে ইসলামের নামে সুবিধা নিচ্ছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। গতকাল শুক্রবার সকালে সিলেটের মদিনা মার্কেটে রূপালী ব্যাংকের ৫১৩তম শাখা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে পৃথিবী জুড়েই জালিয়াতি, দুষ্টামি হয়। বাংলাদেশেও সেটা হয়েছে। তবে এটা ভয়ংকর কিছুই না। সোনালী ব্যাংকে দেশের বড় জালিয়াতি হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দুষ্টু প্রতিষ্ঠান হলমার্ক জালিয়াতির মাধ্যমে ব্যাংকের টাকা আত্মসাত্ করেছে। হলমার্কের এমডি জেলে রয়েছে, তার শাস্তি হবেই। তিনি বলেন, এ বিষয়টি নিয়ে বুদ্ধিজীবী ও ব্যাংককাররা হইচই শুরু করেছেন। উনাদের চরিত্রই হইচই করা। যারা এ চিত্কার চেচামেচি করেন তারা দেশের মঙ্গল চান না, এরা দেশের শত্রু। বুদ্ধিজীবী ও ব্যাংককারদের এসব কথাবার্তা রাবিস ও ভোগাস উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, যে যাই বলুক, বাংলাদেশের ইতিহাসে এটাই সবচেয়ে ভাল সময়।
রূপালী ব্যাংকের ৫১৩তম ও সিলেটে ৪৫তম এই শাখাটি উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী সম্প্রতি সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জগেজ্যাতি তালুকদারের স্ত্রী সুবিতা রাণী ধরকে রূপালী ব্যাংকের উদ্বোধন হওয়া মদীনা মার্কেট শাখার মার্কেটিং অফিসার হিসেবে নিয়োগপত্র প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরউদ্দিন কামরান, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক বিভাগের অতিরিক্ত সচিব অমলেন্দু মুখার্জী, রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল কবির, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ আহমদ প্রমুখ। পরে মন্ত্রী দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সিলেট জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, উচ্চপর্যায়ে দুর্নীতি প্রতিরোধে সরকার যথেষ্ট সাফল্য অর্জন করেছে। তবে নিচ লেভেলে এখনও দুর্নীতি হয়। অর্থমন্ত্রী বলেন, দুর্নীতি সবসময়ই হয়ে থাকে। মুগল ও বৃটিশ আমলেও কমবেশি দুর্নীতি হয়েছে।
দুদকের সহযোগিতায় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল। বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক কামরুল ইসলাম মোল্লা।
