পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব.) পারভেজ মোশাররফকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছে এক আইনজীবী। গতকাল শুক্রবার দেশটির সিন্ধু হাইকোর্টে আগাম জামিনের মেয়াদ বাড়াতে গেলে এ ঘটনা ঘটে। আদালত মোশাররফের জামিনের মেয়াদ বৃদ্ধি করে এই সময়ের মধ্যে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। খবর ডন ও এনডিটিভির।
মোশাররফের জামিনের মেয়াদ আরো ১৫ দিন বৃদ্ধি করা হয়েছে। গতকাল সকালে পারভেজ মোশাররফ (৬৯) আদালতে গেলে ২০ জনের মতো আইনজীবী তাকে একজন সামরিক শাসক উল্লেখ করে তার ফাঁসি দাবি করে স্লোগান দেন। এদের মধ্যে তাজাম্মুল লোদি নামের একজন তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন। তবে জুতা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে ওই জুতা নিক্ষেপকারীকে সাদা পোশাকের পুলিশ নিয়ে যায়। মোশাররফকে তার নিরাপত্তা কর্মীরা নিরাপদে নিয়ে চলে যান। এর আগে ২০১১ সালে ব্রিটেনে আরেকবার মোশাররফকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হয়েছিল। চার বছর স্বেচ্ছা নির্বাসনে থেকে গত রবিবার দেশে ফেরেন মোশাররফ। এর আগে ২২ মার্চ তিনটি মামলায় তাকে সুরক্ষামূলক জামিন দেন আদালত। মামলাগুলো হচ্ছে, ২০০৭ সালে বেনজির ভুট্টো হত্যা মামলা, একই বছর ৬২ জন বিচারককে অবৈধভাবে বহিষ্কারের অভিযোগে এবং ২০০৬ সালে বেলুচিস্তানের এক নেতাকে হত্যা মামলা। দেশটির আগামী জাতীয় পরিষদের নির্বাচনে অল পাকিস্তান মুসলিম লীগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোশাররফ।
