আজ থেকে নতুনরূপে আসছে রেদওয়ান রনির জনপ্রিয় ধারাবাহিক ‘রেডিও চকলেট’। এই ধারাবাহিকটির নতুন সংস্করণের নামকরণ করা হয়েছে ‘রেডিও চকলেট রিলোডেড’। আজ থেকে ধারাবাহিকটি প্রচারিত হবে সপ্তাহে ৫ দিন দেশ টিভিতেই রাত ৮টা ১৫ মিনিটে। ‘রেডিও চকলেট রিলোডেড’-এ দেখা যাবে, তাদের এফএম রেডিও স্টেশনটিকে নতুনভাবে চালু করার চেষ্টা করছে মাহিন (মোশাররফ করিম) ও নুসরাত (সুমাইয়া শিমু)। সঙ্গে যোগ দেয়, আসগর (ফারুক আহমেদ) আর তার বিশ্বস্ত স্যাঙাত ছানা (অপু)। আসে নতুন রেডিও জকির দল।
পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘১৪১তম পর্ব থেকে নিউ সিজন শুরু হচ্ছে ‘রেডিও চকলেট’-এর। পুরোনো আর নতুন মজার কিছু চরিত্র মিলিয়ে নতুনভাবে ‘রেডিও চকলেট রিলোডেড’। এটিকে আমরা নতুন মৌসুম বা নিউ সিজন হিসেবে দেখছি। হতে পারে ‘রেডিও চকলেট রিলোডেড’-ই আমার শেষ দীর্ঘ ধারাবাহিক।’
