একুশে টিভির সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটি শো ‘মিডিয়া গসিপ’-এ এবারের অতিথি হয়ে এসেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। আর সাংবাদিক অতিথি হয়ে এসেছেন দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার মাহমুদ মানজুর। উপস্থাপক তানভীর তারেকের নানান প্রশ্নবাণে আসিফ মিউজিক ইন্ডাস্ট্রির বেশ কিছু গোপন বিষয় ফাঁস করেন। এ দেশের মিউজিক ইন্ডাস্ট্রির ধ্বংসের জন্য, শিল্পীদের ঐক্য নষ্ট করার জন্য দায়ী করেন কিছু সিনিয়র শিল্পী-সুরকারকে। এ ছাড়াও সাম্প্রতিক শিল্পীদের দ্বিতীয় বিয়ে নিয়ে মজা করে আক্ষেপের সুরে আসিফ বলেন, ‘প্রায় ১৫ বছরের মিউজিক ইন্ডাস্ট্রিতে একটাই আফসোস, আমি দুই স্ত্রীকে নিয়ে সংসার করতে পারলাম না। দু-চারটে খুচরা প্রেম করেছি, সেগুলো মিডিয়ার ভয়ে করতে পারলাম না।’
এ ছাড়া সাংবাদিক মাহমুদ মানজুর দেশের মিউজিক ইন্ডাস্ট্রির বর্তমান দৈন্যদশা নিয়েও কথা বলেন।
তানভীর তারেকের গ্রন্থনা ও সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনায় রয়েছেন ইসরাফিল শাহীন। প্রচার হবে আজ রাত ১০টা ১০ মিনিটে একুশে টেলিভিশনে।
