‘দৃষ্টিজুড়ে দেশ’—এই স্লে¬াগান নিয়ে ২০০৬ সালের ৩১ মার্চ আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয় বাংলাভিশনের। আজ সপ্তম বছর শেষে অষ্টম বছরে পদার্পণ করছে চ্যানেলটি। শুরু থেকেই বাংলাভিশনের উদ্দেশ্য ছিল বাংলাদেশের সংস্কৃতিকে সঠিকভাবে দর্শকের সামনে তুলে ধরা।
আজ প্রতিষ্ঠাবার্ষিকীতে সাত বছরের যাত্রাকে বাংলাভিশনে উদ্যাপন করছে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের মধ্যদিয়ে। গতকাল রাত ১২টা ১ মিনিটে বিশিষ্ট জনদের উপস্থিতিতে বিশেষ কেক কাটার অনুষ্ঠান ‘দৃষ্টিজুড়ে দেশ- অষ্টম বর্ষে আমরা’ অনুষ্ঠিত হয়। তিনটি স্টুডিও থেকে সরাসরি গান, শুভেচ্ছা গ্রহণ অনুষ্ঠানের পাশাপাশি আজ সারাদিন প্রচারিত হবে ‘বাংলার পথে বাংলাভিশন রথে’। জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে অন্যান্য বিশেষ আয়োজনের পাশাপাশি থাকবে ঢাকা এবং ঢাকার বাইরের আনন্দ র্যালিসহ বিশেষ অনুষ্ঠানের খবর। কাতারে অনুষ্ঠিত ‘বাংলাভিশন কাতার মেগা কনসার্ট’ প্রচার হবে আজ রাত ১১টা ২০ মিনিট ও রাত ২টা ৩০ মিনিটে এবং আগামীকাল বেলা ৫টা ২০ মিনিট, রাত ১১টা ২০ মিনিট ও রাত ২টা ৩০ মিনিটে। এতে অংশগ্রহণ করেছেন সাবিনা ইয়াসমিন, মমতাজ, পূর্ণিমা, কুমার বিশ্বজিত্, আরেফিন শুভ, আরেফিন রুমী, ইমন, সারিকা, বিদ্যা সিনহা মীম, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু, সিদ্দিক, মাজনুন মিজান প্রমুখ। মাহফুজ আহমেদ ও সুইটির উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শামীম শাহেদ। দুই পর্বের বিশেষ নাটক ‘সিকান্দার বক্স এখন অনেক বড়’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশারফ করিম, সারিকা, আহমেদ ফারুক, হারুণ, রতন, দিপন, এমআর আকাশ প্রমুখ। নাটকটি প্রচার হবে আজ ও আগামীকাল রাত ৮টা ৫০ মিনিটে।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ১০টা ১০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রচার হবে বিশেষ রোড শো ‘বাংলার রথে বাংলাভিশন রথে’। দুই পর্বের বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ বেদনার কাব্য’। একটি পর্বে অংশগ্রহণ করবেন ফরিদুর রেজা সাগর, মোস্তফা মনোয়ার ও আনিসুল হক। আরেকটি পর্বে অংশগ্রহণ করবেন জুয়েল আইচ, বিপাশা আইচ, আবেদ খান ও সানজিদা আখতার। এটি প্রচার হবে আজ ও আগামীকাল রাত ৮টা ১৫ মিনিটে।
