ঘটনাটি নতুন নয়। তবে ঘটনাস্থলটি নতুন। এর আগে চীনের বিভিন্ন মহাসড়কে চালকদের ধোঁকা দেওয়ার জন্য যে ধরনের কৃত্রিম ট্রাফিক পুলিশের আদলে তৈরি মূর্তি বসানো হয়েছিল এবার সেটির অনুকরণেই ভারতের ব্যাঙ্গালোরের রাস্তায় বসানো হয়েছে সত্যিকারের ট্রাফিক পুলিশের আকারে কাটা কার্ডবোর্ডের পুলিশ। আর এই কার্ডবোর্ডের সাথে সত্যিকারের ট্রাফিক পুলিশের ছবি এমনভাবে সেঁটে দেওয়া হয়েছে যে দূর থেকে দেখলে কিংবা এই রাস্তায় যারা প্রথমবারের মতো আসছেন তাদের কাছে নকল এই পুলিশকে সত্যিকারের পুলিশ বলেই মনে হয়। এখন পর্যন্ত ব্যাঙ্গালোরের দুর্ঘটনাপ্রবণ বিভিন্ন সড়কে তিনটি খাকি পোশাক পরিহিত ট্রাফিক পুলিশের প্রতিকৃতি বসানো হলেও অচিরেই এই সংখ্যা দশটিতে উন্নীত করা হবে। গেল কিছুদিন ধরে ব্যাঙ্গালোরের এসব সড়কে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার পর কার্ডবোর্ডের তৈরি ট্রাফিক বসানোর সিদ্ধান্ত নেয় শহরটির যান নিয়ন্ত্রণ অধিদপ্তর। আর সেই থেকে এখন অবধি আশাব্যাঞ্জক ফলও তারা পেয়েছেন বলে দাবি করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার ড. এম এ সেলিম। স্থানীয় বেশ কিছু সংবাদমাধ্যমকে তিনি জানান, দূর থেকে ট্রাফিক পুলিশের অবয়ব দেখে অনেকেই লেন মেনে গাড়ি চালান বা উল্টো দিক থেকে আসার সাহস করেন না। এমনকি এরই মাঝে এক অটো ড্রাইভারকে নকল পুলিশের সাথে কথা বলার চেষ্টা করতে দেখা গেছে বলেও জানিয়েছে একটি সংবাদমাধ্যম। এদিকে নকল পুলিশের সাফল্য যান নিয়ন্ত্রণ বিভাগকে খুশি করলেও মানুষকে এভাবে বোকা বানানোর সমালোচনা করেছেন অনেক সাধারণ নাগরিক। যদিও পুলিশের অপর এক মুখপাত্র জানান, বিশ্বের আরও কিছু শহরের মতো ব্যাঙ্গালোরের মানুষও ট্রাফিকের দৃষ্টি এড়াতে পারলে আর আইন মানতে চান না এবং এর ফলে নানা ধরনের দুর্ঘটনাও ঘটে। এ ছাড়া নানা সময়ে আসল পুলিশ ও কার্ডবোর্ডের পুলিশের অবস্থান অদল-বদল করার মাধ্যমেও মানুষের উপর নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন ব্যাঙ্গালোর ট্রাফিক পুলিশের ওই মুখপাত্র।
