কখনো কর্মস্থলে যাওয়ার জন্য আবার কখনো বা কোথাও ঘুরতে যাওয়ার প্রয়োজনে ট্রেনে চেপে বসতে হয় মানুষকে। আয়তনের দিক থেকে বিশালাকৃতির অনেকে দেশে কখনো কখনো এক শহর থেকে আরেক শহরে যাওয়ার প্রয়োজনে ট্রেনে কাটিয়ে দিতে হয় ২৪ ঘণ্টা সময়ও। তবে প্রয়োজনের তাগিদ থেকে ট্রেনে চেপে নয়, বরং রেকর্ড ভাঙার জন্যই সম্প্রতি জাপানের কাজুয়াকি ইয়ামাদা নামের এক তরুণ মাত্র ২৪ ঘণ্টা সময়ে ৩১১৫.৭ কিলোমিটার বা ১৯৩৬ মাইল পথ ভ্রমণ করে এক দিনে সবেচেয়ে বেশি পথ ট্রেনে চেপে পাড়ি দেওয়ার বিশ্বরেকর্ড গড়েছেন। এই রেকর্ডটি গড়ার জন্য স্রেফ একটি ট্রেনে আরাম করে বসে থাকা নয়, বরং জাপানের হোক্কাইডো থেকে কাগোশিমা যাওয়ার পথে বিভিন্ন স্টেশনে দ্রুত গতির ট্রেন ধরতে সবমিলিয়ে আটবার ট্রেন বদল করেছেন কাজুয়াকি।
