শাখা বন্ধ ও নাম পরিবর্তনের ধারা বাতিলের দাবি সমবায়ী প্রতিষ্ঠানগুলোর

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ১৯:২৯
সম্প্রতি পাস হওয়া ‘সমবায় সমিতি আইন (সংশোধন), ২০১৩ এর দুটি ধারা বাতিলের দাবি জানিয়েছে সমবায় সমিতির মালিকদের একটি সংগঠন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত মতবিনিময় সভায় ন্যাশনাল কো-অপারেটার্স অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ (এনসিএবি) নামের সংগঠন এ দাবি জানিয়েছে। সংগঠনটি বলছে, নতুন আইনের কারণে সমবায়ী প্রতিষ্ঠানগুলো বিপাকে পড়েছে। নতুন আইনের ২৩ (ক)- ধারায় সমবায় সমিতিগুলোর শাখাসমূহকে আইন অনুমোদনের পরবর্তী ছয় মাসের মধ্যে বাধ্যতামূলকভাবে বন্ধ করতে বলা হয়েছে। আর শাখাগুলোর আমানতকারীদের সঞ্চয়ও ফেরত দিতে বলা হয়েছে। একইসঙ্গে ৯ (৩)-এর ধারার মাধ্যমে সমবায় সমিতির নামের সাথে ব্যাংক ছাড়াও ক্রেডিট, কমার্স, ফাইন্যান্স ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে। যা আইন অনুমোদনের পরবর্তী ৩ মাসের মধ্যে কার্যকর করতে বলা হয়েছে। কিন্তু এ দুটির ধারা পালন করতে গেলে সমবায় সমিতিগুলো মহা বিপদে পড়বে। সমিতিগুলোর আমানতকারী ও বিনিয়োগ গ্রহীতা সদস্যদের সঙ্গে সম্পৃক্ত সাড়ে চার কোটি মানুষ চরম ক্ষতির সম্মুখিন হবে বলে সংগঠনটি দাবি করেছে। সংগঠনের চেয়ারম্যান মুহাম্মদ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় লিখিত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক এম. ইব্রাহিম খলীল। এসময়ে সংগঠনের সিনিয়র ভাইস-চেয়ারম্যান নাজমুল আলম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান হাবীবুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।