জীবননগর উপজেলায় ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে অর্ধশতাধিক মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি। শুধু সমবায় নিবন্ধনকে পুঁজি করে উপজেলায় এক ডজনের মতো তথাকথিত মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি সুদের জমজমাট ব্যবসা ও অবৈধ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এ সকল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে ব্যাংকের আদলে গ্রাহক তৈরি করে তাদের নিকট থেকে বিভিন্ন কৌশলে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা আমানত গ্রহণ করছে। একই সাথে চড়া সুদে ঋণ প্রদান করে ঋণের দ্বিগুণ টাকা আদায় করছে।
খোঁজ নিয়ে জানা যায়, এ উপজেলায় আইডিয়াল সেভিংস এন্ড কো-অপারেটিভ সোসাইটি, ম্যাক্সিম কো-অপারেটিভ সোসাইটি, এহ্সান রিয়েল এষ্টেট এন্ড ডেভেলপমেন্ট লিঃ, এহ্সান সোসাইটি, আল বারাকা সেভিংস এন্ড কো-অপারেটিভ সোসাইটি, ড্রিম সাকসেসসহ বিভিন্ন নামে ডজন খানেক মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির অফিস খোলা হয়েছে। এসব কো-অপারেটিভ সোসাইটির অধিকাংশই শুধু সমবায় অধিদফতরের নিবন্ধন নিয়ে অবৈধ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানগুলো মাঠ পর্যায়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা, অনিয়ম ও দুর্নীতি করে ১৬ শতাংশ হারে সুদ দেয়াসহ দশ মাসে দ্বিগুণ টাকার প্রলোভন দেখিয়েও বিভিন্ন প্রকল্পের মাধ্যমেও কোটি কোটি টাকা আমানত গ্রহণ করেছে। এ সমস্ত প্রকল্পের মধ্যে রয়েছে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক সঞ্চয় প্রকল্প, ১ লাখ টাকা জমা দিয়ে মাসিক ২ হাজার টাকা মুনাফা প্রদেয় প্রকল্প, চার বছরে দ্বিগুণ প্রকল্প, হজ ডিপোজিট, পেনশন সঞ্চয় প্রকল্প, বিশেষ হাউজিং প্যাকেজ, হাউজিং ডিপিএস প্যাকেজ, শিশুদের জন্য শিক্ষা কর্মসূচি সঞ্চয় প্রকল্প, সুপারশপ প্রকল্প ও ফার্নিচার প্রকল্প।
সমপ্রতি এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রতিদিন বিভিন্ন পত্রপত্রিকায় অবৈধ ব্যাংকিংয়ের ব্যাপারে সতর্ক থাকার জন্য বিজ্ঞাপন প্রচার করা হলেও থেমে নেই এদের কার্যক্রম। অভিযোগে প্রকাশ, সমপ্রতি ফেমাস বাংলা ওয়েলফেয়ার সোসাইটি ও দোয়েল সমিতি গ্রাহকদের অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি এখান থেকে উধাও হয়ে যায়। এ ব্যাপারে জেলা সমবায় অফিসার শাহানা হেলালী জানান, সব কো-অপারেটিভ সোসাইটিকে সমবায় বিধিমালা মেনে কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, সমবায় সমিতির নিবন্ধন নিয়ে সমবায় বিধিমালা ভঙ্গ করে নিয়মবহির্ভূতভাবে যদি কোন প্রতিষ্ঠান অবৈধ কার্যক্রম পরিচালনা করে তবে ঐ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
