রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সাথে দৌলতদিয়া ইউনিয়নের চরদৌলতদিয়া হাট ও আশাপাশ এলাকার যোগাযোগ সড়কের দুই কিলোমিটার এলাকায় ১৫টি ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। চরদৌলতদিয়ার সাথে উপজেলা সদরের যোগাযোগের ক্ষেত্রে একমাত্র সড়কের ওমেদ আলী সরদারপাড়া, হুকুম মাতুব্বরপাড়া, আয়নাল মাতুব্বরপাড়া ও হানিফ মোল্যাপাড়ার দুই কিলোমিটার এলাকায় ১৫টি ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। কয়েক গজ পরপর একটি করে বাঁক। মাঝে-মধ্যে এমন ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে, যার বিপরীত পাশে গাছপালা ও ঘরবাড়ি থাকায় সামান্য কয়েক গজ দূরের কিছুই দেখা যায় না। ফলে সময় বেশি লাগার সাথে চলন্ত কোন যানবাহন দ্রুত বাঁক ঘুরতে গেলেই দুর্ঘটনার শিকার হতে হয়।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মণ্ডল বলেন, মূলত কয়েকটি বাড়ি রক্ষা করতে রাস্তাটি ভূলভাবে তৈরি করা হয়। বাড়িগুলো পিছন ফেলে রাস্তা তৈরি করলে এত সমস্যা হতো না। সমস্যার ব্যাপারে এলাকার কেউ জোরালোভাবে না বললেও নিজেই কয়েকবার মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার মুখোমুখি হয়েছি। আমি উপজেলা প্রকৌশলীর সাথে আলাপ করে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করবো।
