ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাক্ষণবাড়িয়ার টর্নেডোর দুর্গত এলাকায় এখনো অনেক জায়গায় সরকারি ত্রাণ পৌঁছেনি। তবে বেসরকারিভাবে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পেয়ে দুর্গত পরিবারগুলোর মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। প্রতিদিনই বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ত্রাণসামগ্রী নিয়ে দুর্গতদের কাছে ছুটে যাচ্ছে। এই প্রথম শুক্রবার বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে কুয়েতি এনজিও সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট। এই প্রতিষ্ঠানটির বাংলাদেশ শাখার পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর, জারুইতলা, বাসুদেব, পাইকপাড়া ও ভাতশালা গ্রামের দুর্গত শতাধিক পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ করে। ত্রাণসামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারকে ২ বান্ডিল টিন, ১০ কেজি চাল, ২ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল ও ১ কেজি করে চিড়া বিতরণ করা হয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. খলিলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আজাদ ছাল্লাল, কুয়েতি এনজিও সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট বাংলাদেশ-এর মহাপরিচালক আবু মোহাম্মদ আশসাওয়াদিফি, পরিচালক (সমাজকল্যাণ) ওয়ালীদ হামেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন জামি প্রমুখ উপস্থিত থেকে দুর্গতদের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন। এদিকে শুক্রবার সকালে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আলম কোম্পানির পক্ষ থেকে নগদ ৫ লাখ টাকার চেক জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদারের কাছে হস্তান্তর করেন। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া সুপার মার্কেট ব্যবসায়ীবৃন্দ নগদ প্রায় ২ লাখ টাকা, ঘাটিয়ারা পূর্বপাড়া ছাত্রকল্যাণ সংসদ, ঢাকার বঙ্গবাজার ব্যবসায়ীবৃন্দ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।
