সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজামারপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে মাষ্টার আশুতোষ ভৌমিকের বাড়ির মন্দিরে অগ্নিসংযোগ করার ঘটনায় গত শুক্রবার রাতে সেনবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটির বাদি হয়েছেন উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সহ-সভাপতি মাষ্টার আশুতোষ ভৌমিক নিজেই। মামলায় দুর্বৃত্তদের আসামি করা হয়েছে। গতকাল শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকরাম হোসেন গতকাল ইত্তেফাককে বলেন, মন্দিরে আগুন দেয়ার ঘটনায় বাড়ির মালিক মাষ্টার আশুতোষ ভৌমিক বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে গতকাল পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা যায়নি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজামারপুর গ্রামে মাষ্টার আশুতোষ ভৌমিকের বাড়ির মন্দিরে অগ্নিসংযোগে মন্দিরের দরজা, পর্দা ও মন্দিরের মধ্যে থাকা গুরুদেব ও রাধাকৃঞ্চের প্রতিকৃতিসহ বেশ কিছু ধর্মীয় বই পুড়ে য়ায়। একই সময় দুর্বৃত্তরা পার্শ্ববর্তী বিন্দাবন সাধুর বাড়ির একটি মন্দিরে অগ্নিসংযোগের চেষ্টা চালায়।
