গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং আটক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাসুদুল কবীর মোনায়েমের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আসাদুজ্জামান আসাদ, জিয়াউল করিম জুয়েল, মাহমুদ ফরিদ মণ্ডল, জাহিদ হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা নেতা-কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমলূক ও মিথ্যা মামলা দায়েরের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ মামলা প্রত্যাহার এবং আটককৃতদের মুক্তি দাবি করেন।
