প্রতিপক্ষের হামলায় আহত ৪
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ পাকুন্দিয়া পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিরোধ ও ছাত্রলীগের গ্রুপিংয়ের জেরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিপক্ষের হামলায় ৩ শিক্ষার্থীসহ ৪ জন আহত হয়েছে। আহতরা হল—পাকুন্দিয়া ডিগ্রী কলেজে এইচএসসি ১ম বর্ষের ছাত্র সিরাজুল ইসলাম পলিন (১৮), ওই স্কুলের এসএসসি পরীক্ষার্থী শাহীন (১৭) ও এসএসসি পরীক্ষার্থী মাজহারুল হক (১৬) এবং সেলিম বিজয় (১৭)। এ ঘটনার পর আহতদের পক্ষের লোকজনরা রাতেই বড়বাড়ির প্রবাসী শহিদ মিয়ার বাড়িতে হামলা ও ভাংচুর করেছে।
প্রভাতী প্রি-ক্যাডেট স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা
পটুয়াখালী প্রতিনিধি \ পটুয়াখালী প্রভাতী প্রি-ক্যাডেট স্কুলের ৫ম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত শুক্রবার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক অমিতাভ সরকার। স্কুলের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ রফিকুল হাসান গনি, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজল বরন দাস।
বাঞ্ছারামপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা
বাঞ্ছারামপুর সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা ফরদাবাদ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ২ জন শিক্ষক এবং পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গত শুক্রবার শেষ হয়েছে। মেজর অবঃ নুরুল আফসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন। বক্তব্য রাখেন প্রফেসর চান মিয়া সরকার, মাদ্রাসার প্রিন্সিপাল একেএম রুহুল আমিন রুশদী প্রমুখ।
রামুতে কাজী সমিতি গঠিত
রামু (কক্সবাজার) সংবাদদাতা \ বাংলাদেশ কাজী সমিতি রামু উপজেলা শাখার কমিটি গঠন ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। চৌমুহনীস্থ রামু সদর কাজী অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রামু সদরের নিকাহ রেজিষ্ট্রার মাওলানা কাজী মোহাম্মদ এরশাদুল্লাহ। উপস্থিত সকল নিকাহ রেজিষ্ট্রারের সম্মতিক্রমে কচ্ছপিয়া ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার অধ্যাপক ফরিদ উদ্দীন সভাপতি ও রামু সদর ফতেখাঁরকুল ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার মাওলানা কাজী মোহাম্মদ এরশাদুল্লাহকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কাজী সমিতি রামু উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের ওরিয়েন্টেশন
গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জে জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের ওরিয়েন্টেশন, প্রশিক্ষণ ম্যানুয়েল ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার গোপালগঞ্জ সার্কিট হাউসে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রকল্পের নির্বাহী পরিচালক নাজনীন বেগম। গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শোভা খানম, শামীমা খানম প্রমুখ বক্তব্য রাখেন।
লোহাগড়ায় বখাটের ৬ মাস কারাদণ্ড
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে নড়াইলের লোহাগড়ায় এক বখাটেকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, উপজেলার নলদী ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামানের মেয়ে নলদী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী নোয়াপাড়া গ্রামের মানিক মোল্লার ছেলে নবাব মোল্লা (২০) উত্ত্যক্ত করছিল। গত বুধবার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলাকালে নবাব মোল্লা ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় পুলিশ তাকে গ্রেফতার করে রাতে লোহাগড়া থানায় নিয়ে আসে।
টঙ্গীতে স্বাধীনতা দিবসের আলোচনা সভা
টঙ্গী সংবাদদাতা \ টঙ্গীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। গত শুক্রবার সকালে টঙ্গীর আল-হেলাল প্রি-ক্যাডেট একাডেমীর উদ্যোগে সকাল ৯টায় টঙ্গী প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব এম. আবদুল্লাহ। অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েতউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টঙ্গী পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন।
পলিটেকনিক ইন্সটিটিউট উদ্বোধন
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহে পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্বোধন গত শুক্রবার বাদ জুম্মা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বাকিবিল্লাহ, সেক্রেটারী ফারুক আহাম্মেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিক জাহেদী রবিন, মেলান্দহ আওয়ামী লীগের আহবায়ক আব্দুর রাজ্জাক সুজা ছাড়াও জেলা-উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
কালকিনিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা \ কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউপির মরিয়ম নেছা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৪১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ড. আবদুস সোবাহান গোলাপ। শেষে জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বামনায় বিদ্যালয়ে মা সমাবেশ
বামনা (বরগুনা) সংবাদদাতা \ বরগুনার বামনায় গতকাল শিনবার বামনা সারওয়ারজান মাধ্যমিক বিদ্যালয়ে “মা” সমাবেশ অনুষ্ঠিত হয়। মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য গোলাম সবুর টুলু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. কাদের ফরাজীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মর্তুযা আহসান, উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, মানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ ডেপুটি এ্যাটর্নি জেনারেল মো. হারুন-অর-রশিদ প্রমুখ।
রানিনগরে শিশুর লাশ উদ্ধার
রানিনগর (নওগাঁ) সংবাদদাতা \ শুক্রবার নওগাঁর রানীনগর থানা পুলিশ অজ্ঞাত এক সদ্যজাত শিশুর লাশ উদ্ধার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা, এদিন সকালে উপজেলার গৌরদীঘি মধ্যপাড়ায় গ্রামের পশ্চিম পার্শ্বে শ্যাম চন্দ্রের একটি খালের কচুরিপানার মধ্যে মাটির পাতিলে ভরা সদ্যজাত এক শিশুপুত্রের লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি গঠন
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরে এক আলোচনা সভা শেষে বাংলাদেশ বঙ্গবন্ধু সৈনিক লীগ মেহেরপুর সদর উপজেলা শাখা এডহক কমিটি গঠন করা হয়েছে। মিজানুর রহমান অপুর সভাপতিত্বে গতকাল শনিবার অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আব্দুল মোমিন দিপু, জাফর ইকবাল, আ. মোজিদ, জিয়াউর রহমান প্রমুখ। পরে মিজানুর রহমান অপুকে আহবায়ক, জাফর ইকবাল ও আব্দুস মজিদকে যুগ্ম আহবায়ক করে মোট ২৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বাখরনগর বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী শুক্রবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রায়পুরা থেকে নির্বাচিত এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. ইউনূছ আলী ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন, রায়পুরা থানা ওসি মাহমুদুল ইসলাম, প্রধান শিক্ষক মো. ফিরুজ মিয়া প্রমুখ।
সৈয়দপুরে আলুর বস্তায় ফেনসিডিল
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারী জেলার সৈয়দপুরে আলুর বস্তায় ফেনসিডিল ভরে গত শুক্রবার রাতে নৈশ কোচে পাচারের সময় ২৬ বোতল ফেনসিডিলসহ পাচারকারী কলিম ওরফে চাপ্পু (৩০) আটক করেছে পুলিশ। তার বাড়ি সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া শহীদ বি-জামান সড়কে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী নৈশকোচ জিফাত এন্টারপ্রাইজে তল্লাশি করা হয়। এ সময় কোচের লকার থেকে একটি আলুর বস্তা বের করা হয়। এ ব্যাপারে সৈয়দপুর থানায় মামলা হয়েছে।
খানসামায় ত্রাণ বিতরণ
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গতকাল শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৬টি বাড়ির পরিবারের প্রত্যেককে ৩ বান্ডিল করে ঢেউটিন, ৯ হাজার করে নগদ টাকা ও ৩০ কেজি করে চাউল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপির পক্ষ থেকে প্রদান করা হয়। মন্ত্রীর পক্ষে এই সমস্ত ত্রাণসামগ্রী প্রদান করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য জেডএইচ মোহাম্মদ আলী (শামীম)।
মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
ধামরাই সংবাদদাতা \ গত ৩০ মার্চ উপজেলার যাদবপুর হাইস্কুলের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। আগের দিন কুশুরা ইউনিয়নের উত্তর কানহাটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি । এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ এ সময় উপস্থিত ছিলেন।
জয়পুরহাটে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
জয়পুরহাট প্রতিনিধি \ জয়পুরহাট জেলা পরিষদের উদ্যোগে জেলার ৫ শতাধিক মুক্তিযোদ্ধাকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়। শুক্রবার বিকেল সাড়ে ৫টার সময় শহীদ আবুল কাশেম ময়দানে জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল আলম দুদু, ভাষা সৈনিক মীর শহীদ মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস আলী মন্ডল প্রমুখ।
নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত
ইসলামপুর(জামালপুর) সংবাদদাতা \ বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের ডেবরাইপেচ টেকনিক্যাল এন্ড বি,এম কলেজের উদ্যোগে নবম ভোকেশনাল ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও দ্বাদশ বি,এম/১৩ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কাশেমের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আনোয়ার কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র আছিবুল হাসান, প্রভাষক মো. শহিদুল্লাহ, বলিয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক প্রমুখ।
কটিয়াদীতে কৃতী শিক্ষার্থীদের
সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কটিয়াদী সংবাদদাতা \ কিশোরগঞ্জের কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার উপজেলা পরিষদের উদ্যোগে প্রাথমিক জেএসসি, জেডিসি, এসএসসি, ভকেশনাল, দাখিল, এইচএসসি, বিএস শাখা ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত উপজেলার ২৯৯ জন কৃতী শিক্ষার্থী ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা দেয়া হয়। উপজেলা চেয়াম্যান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক লায়ন মো. আলী আকবরের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জিল্লুর রহমান।
রানিনগরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের র্যালি
রানিনগর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর রানিনগরে গতকাল শনিবার দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৩ উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সকাল ১১টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গির আলম খান চৌধুরীর নেতৃত্বে র্যালীতে অন্যান্যের মধ্য অংশগ্রহণ করেন কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেন খন্দকার, সাধারণ সম্পাদক একে আকরাম হোসেন, সদস্য ও শের এ বাংলা (ডিগ্রি) মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোফাখ্খার হোসেন পথিক, ফজলার রহমান ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থী প্রমুখ।
রানিনগরে এমপির মতবিনিময় সভা
রানীনগর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর রানিনগরে গতকাল শনিবার সকাল ১০টায় থানা আওয়ামী লীগের দলীয় প্রধান কার্যালয়ে উপজেলার ৪০টি বৃত্তহীন মহিলা সমিতির নেত্রীদের সাথে ক্ষুদ্র ঋণ ও সম্পদ সহায়তার কর্মকৌশল নির্ধারণের জন্য এক মতবিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-৬ (আত্রাই-রানিনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম এমপি।
মাদারীপুরে মতবিনিময় সভা
মাদারীপুর প্রতিনিধি \ মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) আয়োজনে “অর্থনৈতিক কার্যক্রমে বিরাজমান সংকট উত্তরণ” শীর্ষক এক মতবিনিময় সভা আজ শনিবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এমসিসিআই পরিচালনা পর্ষদ সভাপতি মো. জালালউদ্দিন আহমেদ ইয়ামিন। এমসিসিআই অফিস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় শিল্পপতি, ব্যবসায়ী, সাংবাদিকসহ সুশীল সমাজের নাগরিকবৃন্দ উপস্থিত থেকে তাদের অভিমত ব্যক্ত করেন।
