স্পোর্টস ডেস্ক
সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ভারতের কাছে অস্ট্রেলিয়া দল পুরোপুরি পর্যুদস্ত হয়েছে স্বীকার করে সাবেক অসি পেসার ব্রেট লি বলেছেন, আসন্ন অ্যাশেজ সিরিজের আগে অস্ট্রেলিয়া দলকে অনেক কঠিন পরিশ্রম করতে হবে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বোলিং মেন্টর ও আক্রমণের নেতৃত্বে থাকা লি বলেন, ‘অস্ট্রেলিয়ানরা তাদের সেরা ক্রিকেট খেলেনি। আমরা পুরোপুরি পর্যুদস্ত হয়েছি। অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য এটা শুভ নয়।’
অসিদের বিরুদ্ধে সিরিজে ৪-০ ম্যাচে বিজয়ী ভারতীয়রা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে হোম কন্ডিশন কাজে লাগানোর জন্য স্বাগতিক খেলোয়াড়দেরও প্রশংসা করেন লি। তিনি বলেন, ‘এ্যাশেজের জন্য আমাদের খেলোয়াড়দের অনেক কাজ করতে হবে বলে আমি মনে করছি। খেলোয়াড়দের সত্যিকারার্থেই ভাল খেলতে হবে। তবে ভাল দিক হচ্ছে ইংলিশ কন্ডিশন আমাদের জন্য সহায়ক হবে।’
নটিংহ্যামে ১০ জুলাই শুরু হওয়া পাঁচ টেস্টের সিরিজে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিরুদ্ধে ফল সম্পর্কে কোন মন্তব্য করতে অস্বীকার করেন লি। কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণের দায়িত্বে থাকা লি বলেন, এ বছর শিরোপা অক্ষুণ্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন জ্যাক ক্যালিস।
বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে কিছু সুবিধা আছে আবার চাপও থাকবে উল্লে¬খ করে লি বলেন, ‘ক্যালিস একজন গ্রেট খেলোয়াড় এবং গত দু’ মৌসুমে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। ব্যাটে কিংবা বলে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’ - বাসস
