ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোতে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের বই, খাতা, কলমসহ প্রয়োজনীয় জিনিসপত্র কেনার টাকা বিতরণে স্বজনপ্রীতি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা জনপ্রতি দেড় হাজার টাকা, ব্রাহ্মণবাড়িয়া বাস মালিক সমিতি এক হাজার টাকা ও বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লি. পাঁচ হাজার টাকা করে বিতরণ করে। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজে দুর্গত এলাকার ৩৮ জন শিক্ষার্থীর মাঝে এ টাকা বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ও দুর্গত জারুলতলা গ্রামের আনিকা রহমান জানান, ওই টাকা বিতরণের সময় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের আমিসহ ৩ জন ও আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের ৪ জন শিক্ষার্থী উপস্থিত ছিলাম। চিনাইর কলেজের শিক্ষার্থীদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হয়েছে। আমাদের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়া দেড় হাজার টাকা করে দেয়া হয়। আর কিছুই আমাদের দেয়া হয়নি। আনিকা রহমান আরও জানান, চিনাইর কলেজের স্যারদের এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তারা বলেন, তাদের কলেজের তালিকা আগেই করা হয়েছিল। এ কারণে বেশি পেয়েছে। চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজের অধ্যক্ষ মকবুল আহাম্মদ জানান, এখানে কোন স্বজনপ্রীতি করা হয়নি। বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লি. ও ব্রাহ্মণবাড়িয়া বাস মালিক সমিতি আমাদের কলেজের শিক্ষার্থীদের জন্য টাকা দিয়েছেন।
