ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত শতাধিক

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ২১:২৮
গত শুক্রবার বিকালে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর ও ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের দিঘলী-রামপুর গ্রামবাসীর মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক লোক আহত হয়। বিশ্বনাথের পাটানেরগাঁও ও ছাতকের দিঘলী-রামপুরের মধ্যে ফাইনাল প্রতিযোগিতায় ৪-০ গোলে পাটানেরগাঁও এগিয়ে গেলে এক পর্যায়ে দিঘলী-রামপুর সমর্থকরা উত্তেজিত হয়ে মাঠে প্রবেশ করলে সংঘর্ষের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে আয়োজক গোবিন্দনগর গ্রাম সংঘর্ষে জড়িয়ে পড়লে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। গোবিন্দগঞ্জ রেল ব্রিজ থেকে ট্রাফিক পয়েন্ট এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়লে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের উভয় পাশে কয়েকশ’ যাত্রী ও মালবাহী গাড়ীসহ সিলেটগামী রেল আটকা পড়ে। প্রায় দু’ঘন্টাব্যাপী সংঘর্ষে শতাধিক দোকান ভাঙচুর করা হয়। উভয় গ্রামবাসী বৃষ্টির মতো ইটপাটকেল ও পাথর নিক্ষেপ করলে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা এক বিভিষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। লোকজন আত্মরক্ষার্থে দিক-বিদিক ছুটাছুটি করতে থাকে। প্রায় একঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।