থাই চাল আমদানিতে সমঝোতা স্মারকের মেয়াদ বৃদ্ধি

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ২১:৩০
সরকারিভাবে থাইল্যান্ড থেকে চাল আমদানির বিষয়ে সমঝোতা স্মারকের কার্যকারিতা ও মেয়াদ বাড়লো। গত শুক্রবার ব্যাংককে বাংলাদেশের খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী বুনসং তেরিয়াপিরম নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। আগামী ২৮ ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত সমঝোতা স্মারকের মেয়াদ থাকবে। এ ব্যবস্থার আওতায় বাংলাদেশ প্রয়োজনের সময় থাইল্যান্ড থেকে ১০ লাখ টন সিদ্ধ চাল আমদানি করতে পারবে। ২০১০ সালে বাংলাদেশ থাইল্যান্ডের সাথে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এ সমঝোতা স্মারকটি পূর্বের সমঝোতা স্মারকের ধারাবাহিকতা। এর আগে দু’মন্ত্রীর বৈঠকে খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে খাদ্য উত্পাদনে আশানুরূপ অগ্রগতি অর্জন করেছে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে রয়েছে।