দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনিতে তৃতীয়পক্ষের মাধ্যমে কর্মরত শ্রমিকেরা চাকরি স্থায়ীকরণের দাবিতে গতকাল শনিবার খনি এলাকায় বিক্ষোভসহ সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের আল্টিমেটাম ঘোষণা করেছে। আল্টিমেটামে বলা হয়, মে মাসের মধ্যে দাবি পূরণ করা না হলে জুন মাসে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এতে খনির উত্পাদন ও উন্নয়ন কাজ বিঘ্নিত হলে এর জন্য কর্তৃপক্ষই দায়ী থাকবে।
শ্রমিকদের সংগঠন অস্থায়ী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে দীর্ঘ এক যুগ থেকে কর্মরত এবং দক্ষ ১৪৭ জন শ্রমিকের চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ শেষে খনির আবাসিক গেটের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মুকুল প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, দফায় দফায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে কর্তৃপক্ষ কর্মকর্তা নিয়োগ করলেও খনিতে তৃতীয়পক্ষের মাধ্যমে কর্মরত ১৪৭ জন শ্রমিকের চাকরি স্থায়ীকরণের জন্য কোন পদক্ষেপ নিচ্ছেন না।
