চাঁদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ০৬ মে ২০১৯, ২০:৪৩

চাঁদপুরের হাজীগঞ্জে স্ত্রী আকলিমা আক্তারকে (১৮) হত্যার দায়ে স্বামী ফারুক হোসেনকে (২৬) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও মামলার অপর আসামি শাশুড়ি মনি বেগমকে বেকসুর খালাস দিয়েছে। আজ সোমবার দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর মুন্সিবাড়ির মৃত আনোয়ার হোসেনের ছেলে।  সে পেশায় একজন কসাই ছিল। মৃত আকলিমা একই উপজেলার মইশামুড়া গ্রামের দুবাই প্রবাসী হাসান আলীর মেয়ে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে ফারুক হোসেনের সঙ্গে আকলিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে ফারুক শ্বশুরালয় থেকে বিভিন্ন সময়ে নগদ অর্থ সুবিধা গ্রহণ করেন। তারপরেও সে আকলিমাকে বিভিন্ন অযুহাতে মারধর করত। যা আকলিমা আক্তার তার মামা আবুল কালামকে মোবাইল ফোনে জানান।

একই ধরনের অযুহাতে বাক বিতণ্ডার এক পর্যায়ে ২০১৫ সালের ২৯ জুন দুপুরে আকলিমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে বাড়ির উঠানে আকলিমার মরদেহ রেখে পালিয়ে যায়। তখন তাহমিনা নামের তিন মাসের মেয়ে সন্তানকেও মরদেহের পাশে রেখে যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এই ঘটনায় আকলিমার মামা মো. আবুল কালাম বাদী হয়ে ওই দিন সন্ধ্যায় হাজীগঞ্জ থানায় ফারুক হোসেন ও তার মা মনি বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা হাজীগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব কুমাল শীল মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ৯জন আদালতে চার্জশিট দাখিল করেন।

আরও পড়ুন: টিভির সংবাদ শিরোনামে বিজ্ঞাপন নয়: হাইকোর্ট

সরকার পক্ষের আইনজীবী পাবলিকি প্রসিকিউটর (পিপি) আমান উল্যাহ জানান, মামলাটি চলমান অবস্থায় আদালত ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করে। সাক্ষ্য প্রমাণ, আসামির জবানবন্দী ও মামলার নথীপত্র পর্যালোচনা করে আসামির উপস্থিতিতে এই রায় দেয়।

সরকার পক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ছিলেন মোক্তার আহম্মেদ অভি। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. গাজী মোহাম্মদ দুলাল।

ইত্তেফাক/কেকে