তিন মাস জুড়ে রাস্তা খোঁড়াখুঁড়ি

আপডেট : ৩০ মার্চ ২০১৩, ২১:৫৭
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলাধীন নাঙ্গলকোট পৌর সদর সংলগ্ন পাটোয়ার এলাকায় ওমরগঞ্জ বাজার পর্যন্ত তিন মাস জুড়ে চলছে রাস্তা খোঁড়াখুঁড়ি। দায়িত্বপ্রাপ্ত লোকদের অবহেলা ও অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে সড়কটি এখন নাঙ্গলকোট দক্ষিণ-পশ্চিমবাসীর জন্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। যান চলাচলে বিঘ্ন ঘটছে। সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। চলতি বছরের জানুয়ারিতে রাস্তা বড় করার নামে নাঙ্গলকোট উপজেলার পাটোয়ার ব্রিজ, মধ্যপাড়া, উত্তরপাড়া, ওমরগঞ্জ এলাকা ক্ষত-বিক্ষত করে রাখা হয়েছে। এলাকাবাসীর ভাষ্যমতে, চলতি মাসের শুরুতে মিছিল-মিটিং করলে ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্পেটিং সম্পন্ন করলেও আবার নিজেদের মতো কাজ শুরু করে। একদিন কাজ চলে তো দুইদিন চলে না। এভাবে ঢিমেতালে সড়ক খনন করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এখন এই লাইনের কাজ চলছে তুগুরিয়া রোডের পাটোয়ার গ্রামে। সরেজমিন ঘুরে দেখা গেছে, রাস্তা বড় করার জন্য খোঁড়া, মাটি, বালি দিয়ে ভরাট করা হয়েছে। ইদানিং নাঙ্গলকোট থেকে তুগুরিয়া সড়কে পাটোয়ার ওমরগঞ্জ এলাকায় যানবাহনে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলে ভরাটকৃত বা কাজ শেষকৃত অংশ কর্দমাক্ত হয়ে পড়েছে। আর শুষ্ক থাকলে ধূলাবালিতে একাকার হয়ে যাচ্ছে। আইন অনুযায়ী কোনো সড়ক খোঁড়ার পর ৩ থেকে ৭ দিনের মধ্যে কার্পেটিং করতে হয়। এ অবস্থায় সড়কটির কাজ অবিলম্বে শেষ করে জনদুর্ভোগ ঘোচাতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আজিমউল্যাহ হানিফ, নাঙ্গলকোট, কুমিল্লা