দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৬ দিনব্যাপী ‘ব্রোকার কনফারেন্স’ কক্সবাজার সাগরপাড়ের একটি তারকা হোটেলে গত বৃহস্পতিবার শুরু হয়েছে। তবে এ ‘কনফারেন্সে’ গত ৩দিনে শেয়ার ব্যবসা সংক্রান্ত কোন ধরনের সেমিনার বা আলোচনা অনুষ্ঠানের কর্মসূচী না থাকলেও র্যাফেল ড্র, ডিজে পার্টি, রাখাইন নৃত্যসহ জমজমাট গানের অনুষ্ঠান ছিল। অভিযোগ উঠেছে, কনফারেন্সের নামে শেয়ারবাজার কেলেংকারির হোতাদের নিয়ে কক্সবাজারে পিকনিক করছে ডিএসই, ব্যয় করছে ২ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ৬দিনব্যাপী ‘ডিএসই ব্রোকার কনফারেন্স’ কক্সবাজার সাগরপাড়ের বিলাসবহুল তারকা হোটেল ওশান প্যারাডাইসে গত বৃহস্পতিবার শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার থেকেই হোটেলটির প্রায় সকল কক্ষ আগামী পহেলা এপ্রিল পর্যন্ত ভাড়া করা হয়েছে। বৃহস্পতিবার ‘কনফারেন্স’ শুরু হওয়ার পর শেয়ার ব্যবসা নিয়ে কোন ধরনের আলোচনা অনুষ্ঠান বা সেমিনার হয়নি। দিনের বেলায় আনুষ্ঠানিক কর্মসূচী রাখা হয়নি। সন্ধ্যার পর র্যাফেল ড্র, ডিজে পার্টি, রাখাইন নৃত্যসহ জমজমাট গানের অনুষ্ঠান। রাতের বেলায় বিভিন্ন জমকালো অনুষ্ঠান উপভোগ এবং দিনের বেলায় বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণ গত ৩দিনে এমনই কর্মসূচী ছিল। অথচ যেদিন কক্সবাজারে কথিত ব্রোকার কনফারেন্স শুরু হয়েছে, সেদিনই শেয়ারবাজারে সর্বনিম্ন লেনদেনের নতুন রেকর্ড স্থাপিত হয়েছে। গত বৃহস্পতিবার মাত্র ১১৬ কোটি টাকা লেনদেন হয়েছে শেয়ারবাজারে। এসব ঘটনায় কক্সবাজারে ‘কনফারেন্সে’ যোগদানকারী শেয়ার ব্যবসায়ীদের অনেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
