শিল্পীর খেয়ালে নানা সময়ে অনেক উপাদানই ভাস্কর্যের উপকরণ হিসেবে মানুষকে বিস্মিত করেছে। আর এ ধারাতেই এবার চুইংগামের সাহায্যে বেশ বড় একটি স্থাপত্য নমুনা বানিয়ে সবাইকে চমকে দিয়েছেন জেরেমি ল্যাফন নামের এক ফরাসি শিল্পী। ম্যাচিটেকচারের মতো শিল্পে যেভাবে ম্যাচের কাঠি ব্যবহার করে নানা ধরনের ভাস্কর্য বা স্থাপনার প্রতিকৃতি তৈরি করা হয় ঠিক একই ধরনের কৌশল কাজে লাগিয়েই প্রায় ৪০০০ পিস চুইংগামের সাহায্যে অনন্য এই শিল্পকর্মটি গড়েছেন জেরেমি। আর কষ্টসাধ্য এবং অনেকের কাছে প্রায় অসম্ভব এই কাজটি করতে জেরেমির সময় লেগেছে সবমিলিয়ে প্রায় তিন মাস। দুই মিটার উঁচু এবং তিন মিটার চওড়া এই জটিল শিল্পকর্মটি তৈরির জন্য মিন্ট চুইংগাম ব্যবহার করা হয়েছে বলে অনেকেই এই শিল্পকর্মটিকে ডাকছেন সতেজ নিঃশ্বাসের ভাস্কর্য বলে। এদিকে ব্যতিক্রমী এই শিল্পকর্মটি তৈরির নেপথ্য কারণ সম্পর্কে বলতে যেয়ে ৩৪ বছর বয়সী শিল্পী জেরেমি ল্যাফন বলেন, ‘মূলত একদল আর্ট স্টুডেন্টের সামনে একটি লেকচার দেওয়ার আমন্ত্রণ পাওয়ার পর থেকেই তাদের সামনে এমন একটা কিছু উপস্থাপনের চিন্তা আমার মাথায় আসে যেটি তাদেরকে অনেক বেশি আচ্ছন্ন করে রাখতে সক্ষম হবে। তা ছাড়া ম্যাচ বা কার্ড দিয়ে তৈরি ভাস্কর্যের প্রতি আমার আগে থেকেই একটা আগ্রহ ছিল। এ কারণে আমি চাইছিলাম এ ধরনের কাজই এমন কোনো একটি উপকরণ দিয়ে করতে যেটি কোনো শিল্পী আগে কখনো করেননি। তা ছাড়া আমি একাজে এমন একটা কিছু বেছে নিতে চাইছিলাম যেটি দিয়ে কোনোকিছু বানানোটা বেশ চ্যালেঞ্জিং। আর এসব বিবেচনাতেই চুইংগামকে আমার আদর্শ উপকরণ বলে মনে হয়েছে।’
