রাজনৈতিক অস্থিরতার আতঙ্কে দেশের শেয়ারবাজারে গতকাল রবিবার বড় ধরনের দরপতন হয়েছে। লেনদেনও হয়েছে কম। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মাত্র ১৬৭ কোটি টাকা। এ নিয়ে টানা ১৪ কর্মদিবস ডিএসইতে লেনদেন হয়েছে দুইশ কোটি টাকার নিচে। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় বিনিয়োগকারীরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। ফলে অনেকেই শেয়ার ধরে রাখতে চাইছেন না। এতে শেয়ারবাজারের দরপতন থামছে না। এ অবস্থায় শেয়ারবাজার স্থিতিশীলতার জন্য রাজনৈতিক অস্থিরতা বন্ধ করা প্রয়োজন বলে তারা মনে করছেন।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৯১ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৫৯০ পয়েন্টে নেমে এসেছে। সাধারণ মূল্যসূচক কমেছে ৭১ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক ২৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৬৭ কোটি ৭৮ লাখ ৫১ হাজার টাকা। লেনদেনকৃত ২৬৩টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের। এদিন ডিএসইতে হাত বদল হয়েছে ৪ কোটি ১১ লাখ ৫৪ হাজার ৬৮৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৩৬ পয়েন্ট কমে ১১ হাজার ১৮০ পয়েন্টে নেমে এসেছে। আর সিএসই-৩০ মূল্যসূচক কমেছে ২৪৮ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ২১ কোটি ৭৪ লাখ ৩৮ হাজার ৭২ টাকা। লেনদেনকৃত ১৭৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪টির, কমেছে ১৫০টির আর অপরিবর্তিত ছিল ১৩টি কোম্পানির শেয়ারের দর।
ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এবি ব্যাংক এবং অ্যাপেক্স অ্যাডালচি ফুটওয়ার তাদের শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থ বছরের লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে আইএফআইসি ব্যাংক ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড, ইসলামী ব্যাংক ৮ শতাংশ নগদ ও ১৭ শতাংশ স্টক ডিভিডেন্ড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া এবি ব্যাংক সাড়ে ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড এবং অ্যাপেক্স অ্যাডালচি ফুটওয়ার তাদের শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
