মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নিজস্ব সম্পত্তি উদ্ধারে পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শুরুর প্রাক্কালে মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাবেশে মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার এম.এ ওয়াদুদ প্রধান শিক্ষককে পিস্তল দিয়ে গুলি করার চেষ্টা ও হামলা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে শিক্ষক সমিতি ঢাকা-মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের মতলব শহরের ম্যাক্সিস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান ধর্মঘট করে। এ সময় প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসের অনুরোধে শিক্ষকরা সড়ক ছেড়ে উপজেলা পরিষদের ভেতরে অবস্থান নেয়।
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জেসমিন সুলতানা জানান, শহরের ১২ শতাংশ জমি শিক্ষক সমিতি ক্রয় সূত্রে মালিক। কিন্তু সমিতির ঘরের ভাড়াটিয়া নাছির উদ্দিন ও জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা এম.এ ওয়াদুদ ভিপি সম্পত্তি দেখিয়ে লীজ গ্রহণ করে। এ বিষয়টি শিক্ষক ও সমিতির লোকজন অবগত হলে সম্পত্তি পুনঃরুদ্ধারে সরকারের অর্পিত সম্পত্তির প্রত্যর্পণ ট্রাইব্যুনালে, ২টি মামলা দায়ের করা হয়। জেসমিন জানান, এরই অংশ হিসেবে আমাদের আজকের কর্মসূচিতে লীজ গ্রহণকারী মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার এম.এ ওয়াদুদ নিজের পিস্তল দিয়ে শিক্ষককে গুলি করার চেষ্টা, হামলা ও নির্যাতন করেন। প্রকাশ, একাধিক শিক্ষক ওই কমান্ডারের সাথে তর্কে-বিতর্কে জড়িয়ে পড়লে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। সাথে থাকা গানম্যানসহ কমান্ডার দ্রুত ঐ স্থান ত্যাগ করেন। শিক্ষকদের দাবির সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমএ শুক্কুর পাটোয়ারী, আ’লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির প্রধান, সাংগঠনিক সম্পাদক দেওয়ান বজলুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র শাহগিয়াসসহ শিক্ষক নেতৃবৃন্দ।
