প্রতি বছরের ন্যায় এবারও ৩১ মার্চ থেকে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বেলতলীতে সপ্তাহব্যাপী শুরু হয়েছে শাহ্ সোলেমান লেংটার মাজারে ৯৪ তম ওরস শরীফ ও মেলা। মূলত ৭ দিনের ওরস হলেও বিভিন্ন পণ্য সামগ্রীর মেলা থাকে প্রায় এক মাস। ইতোমধ্যে এই মেলা ও ওরস শরীফে অংশগ্রহণ করার জন্য ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর, রামগঞ্জ, রায়পুর, কুমিল্লা, বি-বাড়িয়া ইত্যাদি স্থান থেকে বাস, ট্রাক, লঞ্চ, ট্রলার, নৌকা, কার্গোতে করে হাজার হাজার ভক্ত ও আশেকান নারী-পুরুষ মাইক, ঢোল-বাজনা গান করে এসে মাজার প্রাঙ্গণসহ প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে আস্তানা করে যার যার অবস্থান নিয়েছেন। ওরস ও মাজার পরিচালনা কমিটির কর্মকর্তাগণ জানান, এখানে প্রতিদিন কয়েক লাখ লোকের সমাগম হয়ে থাকে। দেশীয় পণ্য সামগ্রী, বাঁশ, বেত, কাঠ, মুড়ি, মুষ্টি ইত্যাদির কয়েক হাজার দোকান-পাট বসে থাকে। ভক্ত ও আশেকানরা যার যার মানত পূরণ করার জন্য গরু, ছাগল, হাঁস, মুরগি, নগদ টাকা-পয়সা ইত্যাদি নিয়ে মাজারে দান করেন। এই ওরস ও মেলাকে ঘিরে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আইন-শৃঙ্খলার অবনতি না হয় তার জন্য প্রশাসন ও পুলিশ বিভাগ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
