টঙ্গীতে স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন সড়ক অবরোধ

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২১:৪০
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাষ্টার স্টেডিয়াম নির্মাণের দাবিতে গত শনিবার সকালে টঙ্গীর ক্রীড়া সংগঠনগুলোর উদ্যোগে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় ক্রীড়ামোদী কর্মকর্তা, খেলোয়াড়, স্কুল-কলেজের শিক্ষার্থী-শিক্ষক, টঙ্গীর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পার্শ্বে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে এ মানববন্ধনে অংশ নেন। স্থানীয় সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল অবরোধ স্থলে উপস্থিত হয়ে দাবির প্রতি সংহতি জানিয়ে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে স্টেডিয়াম নির্মাণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়।