তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসবে না ঃ নাসিম

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২১:৪১
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিরোধীদলীয় নেত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, খোয়াব দেখা ছেড়ে দিন। নিলর্জ্জের মতো জামায়াতের সাথে গাঁটছড়া বেঁধে কোন লাভ হবে না। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে যে কোন মূল্যে তা শেষ করা হবে। শনিবার বগুড়ায় ১৪ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। একই জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে আরেক প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রোজ কিয়ামত এলেও আর এদেশে তত্ত্বাবধায়ক সরকার আসবে না। মোহাম্মদ নাসিম বিরোধীদলীয় নেত্রীকে উদ্দেশ্য করে বলেন, “খালেদা জিয়া জেনে রাখুন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নির্বাচন অবশ্যই হবে, প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনা। কিন্তু নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন, শেখ হাসিনা নয়। আর ঐ নির্বাচনে বাংলার মানুষ আর যাই করুক আবারও ১৪ দলকেই নির্বাচিত করবে । মোহাম্মদ নাসিম গত ৩ মার্চের তাণ্ডবকে পরিকল্পিত দাবি করে বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশেই বিএনপির সহযোগিতায় জামায়াত-শিবির মানুষকে উত্তেজিত করে তাণ্ডব চালিয়েছে।’ বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজউদ্দিনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আব্দুল মান্নান এমপি, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিছার রহমান মল্লিক, জাসদ নেত্রী শিরীন আকতার, আলহাজ্ব হাবিবুর রহমান এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু প্রমুখ।