মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি কোরিয়া সমস্যা কূটনীতিকভাবে সমাধানেরও আহ্বান জানিয়েছেন। গতকাল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উপলক্ষে রোমের ভ্যাটিকানে এক বার্তায় পোপ এই আহ্বান জানান। পোপ হওয়ার পর এই প্রথম তিনি ইস্টার সানডেতে বার্তা দিলেন। খবর রয়টার্সের।
মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়াসহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ডাক দিয়ে পোপ ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা, সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ বন্ধ এবং আফ্রিকার কয়েকটি দেশে সংঘাতের রাজনৈতিক সমাধানের আহ্বান জানান। মানুষের নানা অপকর্মের কারণে আজ বিশ্ব শান্তি নষ্ট হচ্ছে উল্লেখ করে পোপ বলেন, প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহারের কারণে দুর্যোগ নেমে আসছে। তিনি বলেন, যখন ঈশ্বরের প্রতি আমাদের ভালবাসা না থাকে তখন আমরা অনুধাবন করতে ব্যর্থ হই যে স্রষ্টা তার সৃষ্টির প্রতি আমাদের দায়িত্ব দিয়েছেন। লোভ লালসার কারণে বিশ্বে শান্তির পরিবর্তে হানাহানি বাড়ছে এবং স্বার্থপরতায় মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ছে বলেও মন্তব্য করেন পোপ। যারা প্রাকৃতিক দুর্যোগের শিকার তারাসহ বিশ্বের সকল দুঃখ পীড়িত মানুষের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন পোপ।
