আগামী দুই বছরের জন্য চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এমএ লতিফ এমপি সমর্থিত প্রার্থী মাহবুবুল আলম ও মো, নূরুন নেওয়াজ সেলিম। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ জামাল আহমেদ। রবিবার বিকালে চেম্বারের নবনির্বাচিত পরিচালকমণ্ডলির সভায় সর্বসম্মতিক্রমে এ তিনজনকে নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত পরিচালক এমএ মোতালেব।
গত শনিবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) বহু প্রতিক্ষিত নির্বাচনে মাহবুব- সেলিম পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করে। ২৪টি পরিচালক পদের মধ্যে ২০টি পদেই জয়লাভ করেন এ প্যানেলের প্রার্থীরা। মহানগর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী সমর্থিত মোরশেদ-সালাম প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেন ৪টি পদে।
শনিবার দিনভর ভোটগ্রহণ এবং রাতভর গণনা শেষে রবিবার সকাল ৮টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। চেম্বার নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে অর্ডিনারি গ্রুপের ১২টি পরিচালক পদের মধ্যে ৮টিতে মাহবুব-সেলিম পরিষদ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ৪টিতে জয় পেয়েছেন মোরশেদ-সালাম পরিষদ প্রার্থী। অ্যাসোসিয়েট গ্রুপের পরিচালক পদের মধ্যে ৬টিতে এবং টাউন গ্রুপের ৩টিতেও জয় পেয়েছে মাহাবুব-সেলিম পরিষদ।
অর্ডিনারি গ্রুপ থেকে নির্বাচিত ১২ পরিচালক হলেন মো. নূরুন নেওয়াজ, একেএম আকতার হোসেন, এমএ মোতালেব, কামাল মোস্তফা চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী (বাবর), মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী, মোহাম্মদ মোরশেদ, মো. দিদারুল আলম, মোরশেদ মুরাদ ইব্রাহিম, মোহাম্মদ আবদুস সালাম, মোরশেদ আরিফ চৌধুরী ও মাহফুজুর রহমান। অ্যাসোসিয়েট গ্রুপ থেকে নির্বাচিত ৬ পরিচালক হলেন মাহবুবুল আলম, মাহফুজুল হক শাহ, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), সৈয়দ সগীর আহমেদ ও মো. সিরাজুল ইসলাম। টাউন অ্যাসোসিয়েশন থেকে নির্বাচিত ৩ পরিচালক হলেন আনোয়ার শওকত আফসার, বেলাল আহমেদ ও মো. জাহাঙ্গীর। ট্রেড গ্রুপ থেকে ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন সৈয়দ জামাল আহমেদ, মাজহারুল ইসলাম চৌধুরী ও মো. জহুরুল আলম।
উল্লেখ্য, চট্টগ্রাম চেম্বারের কর্তৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাবেক চেম্বার সভাপতি এমএ লতিফ এমপির মধ্যে বিরোধ চলে আসছে। উভয়পক্ষের দ্বন্দ্বের বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে চেম্বার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়। এ কারণে তিন দফা নির্বাচন স্থগিত হওয়ার পর অবশেষে গত ৩০ মার্চ শনিবার তা অনুষ্ঠিত হয়।
