পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। আদালতের নিষেধাজ্ঞার পর এই সতর্কতা জারি করা হলো। খবর এনডিটিভির।
দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) শনিবার সকল বিমানবন্দর কর্তৃপক্ষকে নিষেধাজ্ঞা সংক্রান্ত লিখিত নির্দেশনা দেন। গত শুক্রবার সিন্ধু হাইকোর্ট মোশাররফকে কয়েকটি মামলায় দেয়া আগাম জামিনের মেয়াদ ২১ দিন বৃদ্ধি করেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে আদালতের অনুমতি ছাড়া তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। চার বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর গত মাসে দেশে ফেরেন মোশাররফ। তার বিরুদ্ধে ২০০৭ সালে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলাসহ তিনটি মামলা রয়েছে। আগামী জাতীয় পরিষদ নির্বাচনে তার দল অল পাকিস্তান মুসলিম লীগ (এপিএমএল) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ইতোমধ্যে তিনি তিনটি সংসদীয় আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। এগুলো হলো করাচি, ছিত্রল এবং ইসলামাবাদ।
