প্রাকবাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা পদ্মা সেতু প্রকল্প নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্তে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলেও আশংকা প্রকাশ করেছেন তারা। এসময় একজন সংসদ সদস্য বলেন, বর্তমান সরকারের মেয়াদ প্রায় শেষ হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত পদ্মা সেতুর মূল কাজ শুরু হয়নি। অর্থমন্ত্রীকে তিনি বলেন, পদ্মা সেতুর অন্তত একটি পিলার গাড়ুন, না হলে আগামী নির্বাচনে দক্ষিণবঙ্গের ভোট পাওয়া সম্ভব নয়।
গতকাল রবিবার রাজধানীর আগারগাঁয়ের এনইসি সম্মেলন কক্ষে সরকারি হিসাব, সরকারি প্রতিষ্ঠান, পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে প্রাকবাজেট আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে আলোচনায় অশংগ্রহণ করেন এটিএম ফজলে কবির, সাইদুল হক, আশিকুর রহমান, আব্দুস শহীদ, আব্দুল মান্নান, এবিএম গোলাম মোস্তফা প্রমুখ
বক্তারা বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হলে অর্থনীতিতে এর বিরূপ প্রভাব নিয়েও ভাবতে হবে। সরকারের অনেক সফলতার মধ্যে পদ্মা সেতু প্রকল্প চালু করতে না পারা বড় ব্যর্থতা। তারা সকলেই দ্রুত পদ্মা সেতুর কার্যক্রম চালু করার প্রস্তাব করেন।
এ সময় অর্থমন্ত্রী বলেন, আগামী সপ্তাহের মধ্যে পদ্মা সেতু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সকলকে জানানো হবে। ইতিমধ্যে কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে।
