বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া সস্ত্রীক ভারতীয় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে গতকাল রবিবার ভারতে গেছেন। তার সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং সেনাসদরের পরিচালক, পারসোনেল সার্ভিসেস।
ভারতে অবস্থানকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভারতের প্রতিরক্ষামন্ত্রী, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান ও ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চীফ-এর সাথে পেশাগত ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করবেন। উল্লেখ্য, এর আগে গত বছরের ২ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল বিক্রম সিং বাংলাদেশ সফর করেন।
-আইএসপিআর
