দেশে প্রথম শিশু সংবাদ মাধ্যম

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২২:৪৩
বাংলাদেশের কোটি শিশুর কথা বিবেচনায় প্রথমবারের মতো শুরু হয়েছে শিশুদের অনলাইন সংবাদ সেবা কার্যক্রম। ফলে দেশজুড়ে শিশুরা যে সংবাদ পরিবেশন করবে সেগুলো একটি ওয়েবসাইটের (http://hello.bdnews24.com) মাধ্যমে জাতীয় ও স্থানীয় পর্যায়ের মিডিয়াগুলো তা সংগ্রহ করে তাদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে পারবে। ‘হ্যালো’ শিরোনামের এই কার্যক্রম ইউনিসেফ ও অনলাইন সংবাদপত্র ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র যৌথ উদ্যোগে পরিচালিত হবে। মূলধারার গণমাধ্যমে শিশু-কিশোরদের মতামত ও আকাঙ্ক্ষার বিষয়গুলোকে স্থান করে দেয়ার উদ্দেশে এই কার্যক্রমের আওতায় ১৭ বছর বয়স পর্যন্ত শিশুদের সাংবাদিকতায় প্রশিক্ষিত করা হচ্ছে। গতকাল রবিবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে এই অনলাইন সংবাদ মাধ্যমের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উপস্থিত ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি প্যাসকেল ভিলনোভ ও কয়েকজন শিশু সাংবাদিক। বাংলাদেশের শিশুদের জন্য নতুন ইতিহাসের সূচনা বলে উল্লেখ করে ইউনিসেফ প্রতিনিধি প্যাসকেল ভিলনোভ বলেন, এ ধরনের একটি সংবাদ মাধ্যম গড়তে পেরে আমরা গর্বিত, যেখানে শিশুরা গণমাধ্যমে তাদের চিন্তা-ভাবনা তুলে ধরবে, তাদের ভবিষ্যত্ নিয়ে আকাঙ্ক্ষার কথাগুলো ভাগ করে নেবে এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্ভাব্য সমাধান তুলে ধরে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বলেন, সাংবাদিকতার প্রতি আমাদের সংকল্প, নীতিনিষ্ঠা এবং পেশাদারিত্বের বেশকিছু মান শুধু বাংলাদেশেই নয়, বিশ্বেও প্রথমবারের মতো সূচনা করা হয়েছে। আমরা এমন একটি সংবাদ মাধ্যম চালু করতে পেরে গর্বিত। আমি বিশ্বাস করি, এই কার্যক্রম ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু সাংবাদিকের মধ্য থেকে বিশ্বমানের সাংবাদিক গড়ে উঠবে। আমাদের সহকর্মীরা বাংলাদেশ জুড়ে হাজারো আগ্রহীর মধ্য থেকে অনেক পরিশ্রমের মাধ্যমে খুঁজে নিয়েছেন এসব ক্ষুদে সাংবাদিকদের। প্রশিক্ষিত শিশু সাংবাদিকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অভিজ্ঞ সাংবাদিকদের তত্ত্বাবধানে মূলধারা গণমাধ্যমে ভূমিকা রাখবে। প্রধানত বাংলায় করা তাদের প্রতিবেদনগুলো বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমের কাছে উন্মুক্ত থাকবে। গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো ইংরেজিতে অনুদিত হবে।