পরাগ অপহরণ মামলায় যুবলীগ নেতাসহ ৩ জনকে অব্যাহতি

আপডেট : ৩১ মার্চ ২০১৩, ২২:৫২
কেরানীগঞ্জের স্কুলছাত্র পরাগ মন্ডল অপহরণ মামলায় যুবলীগ নেতা আমিনুল হক ওরফে জুয়েল মোল্লাসহ তিনজনকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে বাকি ১২ জনকে অভিযুক্ত করে দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। অব্যাহতি প্রাপ্ত বাকি দু’জন হলেন, রিজভী আহমেদ অনিক ও আলফাজ। আর আসামি সুলতান, ওয়াসিম ও আমিরের ভাতিজা মো. আকাশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল রবিবার ঢাকার এক নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাদেকুল ইসলাম তালুকদার এ আদেশ দেন। একইসঙ্গে পলাতকদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ এপ্রিল দিন ধার্য করেন। গত ২৩ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মনিরুল ইসলাম ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রভুক্ত ১২ জন হলেন, মুক্তার হোসেন আমির, আমিরের স্ত্রী বিউটি আক্তার, আলামিন, মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী রিফাত, কালাচাঁন, মামুন মিয়া, শাকিল, আমিরের দুলাভাই আবুল কাশেম, সুলতান, মো. ওয়াসিম ও আমিরের ভাতিজা মো. আকাশ। প্রসঙ্গত, গত বছরের ১১ নভেম্বর সকাল সোয়া ৭টায় স্কুলে যাওয়ার সময় কেরানীগঞ্জের সুভাঢ্যা পশ্চিম পাড়ার বাসার সামনে থেকে মা লিপি মণ্ডল, বোন পিনাকী মণ্ডল ও তাদের গাড়িচালক নজরুলকে গুলি করে শিশু পরাগকে মায়ের কোল থেকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তিন দিন পর গত ১৩ নভেম্বর রাত ১২ টার দিকে গভীর রাতে কেরানীগঞ্জের আঁঁটিবাজার এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় পরাগকে।